মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : আগামী ৪ মে ভোট গণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। স্বচ্ছ ও নির্ভুল গণনা নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জ কলেজে স্থাপিত স্ট্রংরুম পরিদর্শনে আসেন অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ গোয়েল, আইএএস। তাঁর এই সফর প্রশাসনিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে। পরিদর্শনকালে তিনি স্ট্রংরুমের নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে পর্যালোচনা করেন। সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণসহ প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কোনও ধরনের গাফিলতির সুযোগ না রেখে নিরাপত্তা আরও জোরদারের নির্দেশ দেন তিনি।
এছাড়াও, ভোট গণনার জন্য নির্ধারিত গণনা হলের প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেন। অবকাঠামো, টেবিল বিন্যাস, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গণনার প্রতিটি ধাপ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী, বরিষ্ঠ পুলিশসুপার লীনা দলে, নির্বাচন আধিকারিক রৌসিনুল আলমসহ কেন্দ্রীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোট গণনাকে ঘিরে কোনো ঝুঁকি নেওয়া হবে না। সর্বোচ্চ নিরাপত্তা ও কঠোর নজরদারির মধ্য দিয়ে সম্পন্ন করা হবে পুরো প্রক্রিয়া। ৪ মে-র গণনাকে ঘিরে প্রশাসনের এই সুসংগঠিত প্রস্তুতি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও দৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



