বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে লখিমপুর জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) মনোরঞ্জন পায়েংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রঙানদী কেন্দ্রের বিজেপি প্রার্থী ঋষিরাজ হাজরিকার নির্বাচনী ব্যয় সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির অভিযোগ উঠেছে, যেখানে ব্যয় কম দেখিয়ে জমা দেওয়ার বিষয়টি সামনে আসে।
অভিযোগ অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের হিসাব যাচাই প্রক্রিয়ায় মনোরঞ্জন পায়েংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি বা সংশ্লিষ্টতারের সন্দেহ প্রকাশ পাওয়ায় প্রশাসন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে বিরত রাখা হবে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।



