বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : পশ্চিম কার্বি আংলং জেলার ডংকামোকামের ডেরামুখ লালুং গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার অভিযুক্ত পূজা মালাংয়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করে সে।
উল্লেখ্য, মানসিকভাবে অসুস্থ বলে সন্দেহভাজন পূজা মালাং নিজের মা অনুমাই মালাংকে নৃশংসভাবে হত্যা করে। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় শোয়ার বিছানাতেই মায়ের শিরচ্ছেদ করে সে, যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি গত ২২ এপ্রিল সংঘটিত হয়। ওই সময় পূজার হামলায় গুরুতর আহত হন তার বাবা এবং কনিষ্ঠ বোনও। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছিল।
স্থানীয় বাসিন্দা এবং আহত প্রেমেন্দ্র মালাংয়ের বর্ণনা অনুযায়ী, হত্যাকাণ্ডের পর পূজা মালাং মায়ের কাটা মাথা হাতে নিয়ে সারা রাত বাড়ির পেছনের বাঁশবাগানে লুকিয়ে ছিল। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরদিন ভোরে বাড়ির পেছনের বাঁশবাগান থেকে মায়ের বিচ্ছিন্ন মস্তকসহ পূজাকে আটক করে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি দা, কাঁচি, শ্যাম্পুর প্যাকেট, তেল, চিরুনি, সিঁদুর এবং মাটির পাত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সামগ্রী উদ্ধারের পর এলাকায় অন্ধবিশ্বাসের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয়দের একাংশের ধারণা, এই নৃশংস ঘটনাটি কালাজাদুর প্রভাবে ঘটতে পারে।



