ফল প্রকাশের আনন্দেই শোকের ছায়া: পুকুরে ডুবে মৃত্যু উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অনুরাধার

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো পাথারকান্দির কাঁঠালতলির তিলভূম এলাকায়। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুকুরে ডুবে মৃত্যু হলো মেধাবী ছাত্রী অনুরাধা সিংয়ের। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর রমাকান্ত সিংয়ের কন্যা অনুরাধা মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটার সময় নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে জলে ভাসতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে বাজারিছড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকাবহুল পরিবেশ সৃষ্টি হয়। পরে পুলিশের সহায়তায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতাল-এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, অনুরাধা সিং সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের ছাত্রী ছিল এবং এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। পড়াশোনায় মেধাবী ও পরিশ্রমী হিসেবে এলাকায় তার সুনাম ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *