প্রধান নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের মরিগাঁও জেলার ভোটগণনা কেন্দ্র ও স্ট্রং রুম পরিদর্শন

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : বিধানসভা নির্বাচনের ভোটগণনার মাঝে মাত্র কয়েকদিন বাকি থাকতে মঙ্গলবার রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল মরিগাঁও জেলা ভ্রমণ করে জেলায় ভোটগণনার প্রস্তুতির খোঁজ নেন। তিনি মরিগাঁও মহাবিদ্যালয়ে স্থাপিত ভোটগণনা কেন্দ্র পরিদর্শন করার পাশাপাশি স্ট্রং রুম ও গণনা কক্ষসমূহ পর্যবেক্ষণ করেন। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ভোটগণনা কক্ষের সমস্ত আয়োজন সম্পূর্ণ করার নির্দেশ দেন। তিনি ভোটগণনার প্রস্তুতির সময় নির্বাচন কমিশনের নির্দেশনাগুলি যেন মেনে চলা হয় সেদিকে নজর রাখতে পরামর্শ দেন। তার সঙ্গে এই পরিদর্শনকালে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অনামিকা তেওয়ারী, পুলিশ সুপার প্রকাশ সোনোওয়াল, জেলা উন্নয়ন আধিকারিক, অতিরিক্ত জেলা আধিকারিক (নির্বাচন), রিটার্নিং আধিকারিকগণ, নির্বাচন আধিকারিক ও সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

এদিকে, আগামী ৪ মে ভোটগণনা সুচারুরূপে ও ন্যায়সম্মতভাবে সম্পন্ন করার জন্য জেলা নির্বাচন শাখা ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আজ থেকেই মরিগাঁও নগরের পবিতরা হাট প্রেক্ষাগৃহে ভোটগণনার দায়িত্বে নিযুক্ত আধিকারিক-কর্মচারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ প্রথম পর্যায়ের প্রশিক্ষণে ৬০ জন ভোটগণনা সুপারভাইজার, ৬০ জন ভোটগণনা সহায়ক, ৬০ জন এম টি এস ও চতুর্থ বর্গের কর্মচারী, ৮০ জন ডাক ব্যালটের ভোটগণনাকারী এবং ৬০ জন মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ সম্পন্ন হয়। কালকে সংগ্রাহক আধিকারিক (Compilation Officer), সংগ্রাহক সহায়ক (Compilation Assistant), ট্রানজিট আধিকারিক, ট্রানজিট সহায়ক, সিলিং আধিকারিক, সিলিং সহায়ক এবং সমস্ত কাজের জন্য এম টি এস ও চতুর্থ বর্গের কর্মচারীদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। ৩০ এপ্রিল ভোটগণনাকারী আধিকারিক-কর্মচারীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হবে।

উল্লেখ্য, ৪ মে সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হবে। ৫২ নং জাগিরোড কেন্দ্র , ৫৩ নং লাহরিঘাট কেন্দ্র ও ৫৪ নং মরিগাঁও কেন্দ্রর জন্য তিনটি ভোটগণনা কক্ষ থাকবে। প্রতিটি ভোটগণনা কক্ষে ১৪টি করে টেবিলে ভোটগণনা করা হবে। গত ৯ এপ্রিল মরিগাঁও নির্বাচন জেলায় অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণে ৮৯.৫৮ শতাংশ ভোটদান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *