শিলচরের আশ্রম রোডে অর্ধসমাপ্ত ড্রেন, দ্রুত কাজ শেষ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : শিলচরের আশ্রম রোডের অন্তর্গত শিশুমন্দির রোডে ড্রেন নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এলাকাবাসী জানান, ড্রেনের কাজ মাঝপথে থেমে থাকায় বহু জায়গায় এখনো স্ল্যাব বসানো হয়নি, ফলে ড্রেনের মধ্যে জমে থাকছে আবর্জনা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জল নিষ্কাশনের পথ না থাকায় রাস্তায় জল জমে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে ড্রেনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসীর আরও দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

ড্রেনের উপর দিয়েই দিন-রাত চলাচল করতে বাধ্য হওয়ায় যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ড্রেন নির্মাণ কাজ সম্পূর্ণ করা এবং রাস্তা চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী দিনে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *