দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : উপত্যকার সাংস্কৃতিক ও বৌদ্ধিক বিকাশে দীর্ঘ ২৭ বছরের নিরলস প্রচেষ্টার ধারাবাহিকতায় এবছরও ‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় উনিশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সোমবার বিকেলে শিলচর পার্ক রোডস্থিত মঞ্চের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো নববর্ষ থেকে ১৯ মে ভাষা শহিদ দিবস পর্যন্ত মাসাধিককাল ধরে চলবে এই অনুষ্ঠানমালা। এতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, পথনাটক, আলোচনা সভা, নানান প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী এবং সাংস্কৃতিক শোভাযাত্রা।
এবারের কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে ‘মহাপথচলা’। সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজনকে সফল ও অর্থবহ করে তোলার আহ্বান জানিয়েছে মঞ্চ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তমাল বণিক, মনোজ দেব, অপু সূত্রধর, সন্তোষ চন্দ, বিপ্লব দে সহ অন্যান্য সদস্যরা।



