২৭ এপ্রিল : রিখটার স্কেলে কম্পনের মাত্রা ফের একবার ৬-এর গণ্ডি ছাড়াল। গত সোমবারের রেশ কাটতে না কাটতেই সোমবার ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর জাপান। ভারতীয় সময় অনুযায়ী এদিন ভোরে এই কম্পন অনুভূত হয়। যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮১ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। জাপানের উত্তরতম মেইন আইল্যান্ডের সারাবেৎসু গ্রামের প্রায় ১৮ কিমি পশ্চিমে এই কম্পনের এপিসেন্টার বা কেন্দ্রস্থল চিহ্নিত করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যমগুলি অবশ্য এই কম্পনের মাত্রা ৬.২ বলে দাবি করেছে।
উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগে গত সোমবার জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় ৭.৭ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই সময় প্রশাসনের তরফে সুনামি অ্যালার্ট জারি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে ফের একবার বড় মাপের কম্পনে জাপানি নাগরিকদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে আজকের কম্পনে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



