বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : অসম-মেঘালয় সীমান্তের কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে ফের এক বড় সাফল্য পেল পুলিশ। শনিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় একটি লরি থেকে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। ঘটনায় দুই সরবরাহকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এনএল-০১এবি-৭৭৩৭ নম্বরের একটি লরিতে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের ভিতরে লুকিয়ে রাখা ছিল কার্টুন কার্টুন বার্মিজ সিগারেট। কাছাড়ের ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে মেঘালয়ের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ পণ্য।
আটক দুই ব্যক্তির নাম শাহিদ আহমেদ ও শাহিন আহমেদ। তারা হাইলাকান্দি জেলার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে দু’জনেই গুমড়া পুলিশের হেফাজতে রয়েছে।
তল্লাশির সময় লরি থেকে মোট ২১ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ লরিটিও বাজেয়াপ্ত করেছে।



