গুয়াহাটি থেকে নিখোঁজ শিক্ষিকা ভাবনা শর্মার সন্ধান মিলল শিলঙে

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : গুয়াহাটি থেকে নিখোঁজ হওয়া শিক্ষিকা ভাবনা শর্মা নামের এক যুবতীর সন্ধান পাওয়া গেছে। প্রতিবেশীরা সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, শিলঙে উদ্ধার করা হয়েছে ভাবনা শর্মাকে। ইতিমধ্যে তাঁর পরিবার শিলঙের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিবেশীদের মতে, শনিবার সকালেই ভাবনার বাবা শিলঙের পথে রওনা হন।

শিলঙের পোলো গ্রাউন্ডের নিকটবর্তী একটি ব্যাঙ্কের সামনে কান্নারত অবস্থায় যুবতীকে দেখতে পান এক গৃহকর্মী মহিলা। তাঁর উদ্যোগেই উদ্ধার করা হয় ভাবনাকে। শুক্রবার পরিবারের সঙ্গে বিপদের কথা জানানোর পর থেকেই নিখোঁজ ছিলেন ওই শিক্ষয়িত্রী।

জানা যায়, উবেরে করে স্কুলে যাওয়ার সময় বাড়িতে ফোন করে বিপদের কথা জানান ভাবনা। ফোনে তিনি বলেন, “I am in danger”। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। অবশেষে শনিবার সকালে ২৭ বছর বয়সী ওই যুবতীর খোঁজ মেলে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে জলুকবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভাবনা শর্মার বাড়ি গুয়াহাটির তেতেলিয়া এলাকায়। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, শনিবার রাতে বরঝারস্থিত ‘মাইলস ব্রনসন রেসিডেন্সিয়াল স্কুল’-এর পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ হওয়া যুবতী বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষয়িত্রী নন। তিনি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষয়িত্রী ছিলেন এবং গত ২৮ মার্চ স্কুল থেকে অব্যাহতি নিয়েছেন। ওই দিনই ছিল তাঁর শেষ কর্মদিবস। বিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *