বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দকে সামনে রেখে শিলচর বঙ্গভবনে আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক বর্ণাঢ্য ঈদ মিলনোৎসব। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক ‘ঈদ সম্মিলনী উদযাপন কমিটি’র সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও কার্যকরী সভাপতি সিহাবউদ্দিন আহমেদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্টার সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার গালিব তাহেদ আয়ুব এবং বরাক ভ্যালি সচিবালয়ের যুগ্ম সচিব ড. খালেদা সুলতানা আহমদ।
কমিটির সাধারণ সম্পাদক মাজুদ আহমদ লস্কর, প্রাক্তন সভাপতি মিলনউদ্দিন লস্কর, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল বাহার লস্কর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ স্বপ্নিলরা জানান, বিধানসভা নির্বাচনের কারণে ঈদের পরপরই মিলনোৎসব আয়োজন সম্ভব হয়নি। তবে এ বছরটি কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ হওয়ায় অনুষ্ঠানটি বিশেষভাবে সাজানো হয়েছে।
সভাপতি তৈমুর রাজা চৌধুরী জানান, তিনটি পর্বে বিভক্ত থাকবে এবারের মিলনোৎসব। প্রথম পর্বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘পরশমণি’তে পবিত্র কোরআন তেলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করা হবে। এরপর ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ‘সম্মাননা’ পর্ব, যেখানে উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং সমাজে উল্লেখযোগ্য অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধিতদের তালিকায় রয়েছেন শিক্ষাবিদ-আইনজীবী মকব্বীর আলি বড়ভূইয়া, আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক ড. আবুল হাসান চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক অরুণকুমার শিপানি, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়, অবসরপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক বদরউদ্দিন মজুমদার এবং কণ্ঠশিল্পী মঞ্জুশ্রী দাস।
তৃতীয় পর্ব ‘ঈদের সওগাত’ শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এই পর্বে আগরতলা থেকে আগত শিল্পী উত্তমকুমার সাহা পরিবেশন করবেন শাহ আব্দুল করিমের গানসহ আঞ্চলিক লোকসঙ্গীত। এছাড়াও বাংলা গজল, মুর্শিদি, মারিফতি ও ভক্তিমূলক ইসলামি সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা।
অনুষ্ঠানটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করে প্রাক্তন সভাপতি মিলন উদ্দিন লস্কর জানান, এতে অংশগ্রহণের জন্য কোনও টিকিট বা প্রবেশপত্রের প্রয়োজন নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে।



