উধারবন্দে ঝড়ের তাণ্ডব, শালগঙ্গা মর্লি হাইস্কুলে ভেঙে পড়ল অস্থায়ী শ্রেণিকক্ষ

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : উধারবন্দের শালগঙ্গা এলাকায় আকস্মিক প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে শালগঙ্গা মর্লি হাইস্কুলের অস্থায়ীভাবে নির্মিত দশটি শ্রেণিকক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এর ফলে সহস্রাধিক পড়ুয়ার নিয়মিত পাঠদান এখন অনিশ্চয়তার মুখে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শালগঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মর্লি উচ্চবিদ্যালয়ের পুরনো ভবন প্রায় এক বছর আগে ভেঙে ফেলা হয়। বর্তমানে সরকারি উদ্যোগে নতুন ভবনের নির্মাণকাজ চলছে। সেই সময় পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে স্কুলের খেলার মাঠে অস্থায়ীভাবে দশটি শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতের প্রবল ঝড়ে সেই অস্থায়ী কাঠামোগুলি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। টিনের ছাউনি ও বাঁশের গঠন ভেঙে ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় শ্রেণিকক্ষের আসবাবপত্রও।

বিদ্যালয়ের অধ্যক্ষ বিমলরঞ্জন বিশ্বাস জানান, ঝড়ের আঘাতে সবকটি অস্থায়ী শ্রেণিকক্ষ ধ্বংস হয়েছে। বর্তমানে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার মতো কোনো বিকল্প ব্যবস্থা নেই। নতুন ভবনের নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকলে পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও স্কুল পরিদর্শকের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *