বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ছেলে হত্যার দু’মাস অতিক্রান্ত হলেও কোন ধরপাকড় না হওয়ায় সিনিয়র পুলিশসুপারের দ্বারস্থ হলেন পু্ত্রহারা মা-বাবা। বুধবার ন্যায়বিচারের দাবিতে এক স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে দ্রুত তদন্ত শেষ করা, দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শ্রীকোণা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আয়েশা বেগম বলেন, পুত্র হত্যাকারীরা বুক ফুলিয়ে চলাফেরা করছে। তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁর জ্যেষ্ঠ পুত্র মহম্মদ আফ্রিদি (১৭) নিকটবর্তী ফকর উদ্দিনের পুকুরে স্নান করতে যায়। সেখানে ফারুকের ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হলে তারা তাকে মারধর করে পুকুরে ফেলে দেয়। ছেলে স্নান থেকে ফিরতে দেরি করলে তিনি চারিদিকে খোঁজ শুরু করেন। শেষপর্যন্ত ফকর উদ্দিনের পুকুর থেকে আফ্রিদির মৃতদেহ উদ্ধার হয়।শালচাপড়া থানার পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতস্থান পাওয়া গেছে বলে জানান। এরপর আফ্রিদির বাবা আওলাদ হোসেন শিলচর সদর থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু দু’মাস অতিক্রান্ত হলেও তদন্তে কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুলেন। তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



