বরাক তরঙ্গ, ৯ জুন : ডিগবয়ের বগাপানি এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবকের পরিচয় জ্যোতিস্মান দত্ত এবং সাহিল হোসেন হিসেবে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, তারা তিনসুকিয়া থেকে ডিগবয়ের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বগাপানি এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনার জেরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।



