বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : কাছাড় জেলার উধারবন্দ ডলু চা-বাগানে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম আজাদ হোসেন বড়ভূইয়া। তিনি গোড়ালি এলাকার মতিবুর রহমান বড়ভূইয়ার ছেলে এবং পেশায় রং মিস্ত্রি ছিলেন। সেখানে রঙের কাজ করছিলেন।
জানা গেছে, বুধবার বেলা ১১টা নাগাদ ডলু চা-বাগানের ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে নিচে পড়ে গুরুতরভাবে আহত হন আজাদ। ঘটনাস্থলেই সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।



