বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : বর্তমানে রাজ্যজুড়ে রঙালি বিহুর আনন্দ-উল্লাস বিরাজ করছে। সাত বিহুর আনুষ্ঠানিক পর্ব শেষ হলেও বিভিন্ন বিহু মঞ্চে এখনও উৎসবের আবহ বজায় রয়েছে। নানা বিহু সমিতি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎসব উদযাপন করে চলেছে।
এরই মধ্যে ধুবড়িতে ঘটে গেল এক নিন্দনীয় ঘটনা। বৃহত্তর বালাজান রঙালি বিহু উদযাপন সমিতির উদ্যোগে ২১ ও ২২ এপ্রিল দু’দিনব্যাপী বিহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু অনুষ্ঠান শুরুর আগের রাতেই, অর্থাৎ ২০ এপ্রিল গভীর রাতে, দুষ্কৃতীরা বিহু প্যান্ডেলে অগ্নিসংযোগ করে।
জানা গেছে, রাতে কেউ উপস্থিত না থাকার সুযোগে দুষ্কৃতীরা প্রথমে মঞ্চের কাপড় খুলে ফেলে এবং পরে সেখানে আগুন লাগিয়ে দেয়। পরদিন সকালে ঘটনাস্থলে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন বিহু সমিতির সদস্যরা। উল্লেখযোগ্য বিষয়, ঘটনাস্থলটি বালাজান পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি তুলেছে। উল্লেখ্য, ৭ ও ৮ বৈশাখ (২১ ও ২২ এপ্রিল) উপলক্ষে বালাজানে এই বিহু উৎসবের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, আক্ৰাসু নেতা চন্দন রায় এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজ এবং আগামীকাল বালাজানে বিহু অনুষ্ঠান হওয়ার কথা ছিল, অথচ গতরাতে দুষ্কৃতীরা প্যান্ডেলে আগুন লাগিয়েছে। এটি বালাজানবাসী ও ধুবড়ি জেলার জন্য লজ্জাজনক। আমরা এই ঘটনায় গভীরভাবে মর্মাহত।”



