ইরানের প্রধান দুটি বিমানবন্দর পুনরায় চালু

Spread the news

২১ এপ্রিল : দীর্ঘ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর। বিমানবন্দর দুটি হলো— তেহরানের ‘ইমাম খোমেনি’ ও ‘মেহরাবাদ’ বিমানবন্দর। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র যুদ্ধাবস্থায় নিরাপত্তাঝুঁকি এড়াতে দেশটির আকাশপথ ও বিমান চলাচল স্থগিত করা হয়েছিল।

ইরানের বার্তা সংস্থা ‘ইসনা’ জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র রাজধানী নয়, বরং শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরগুলোও শনিবার থেকে পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আকাশপথে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে।

আকাশপথ খুলে দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “চুক্তি না হলে যুদ্ধ শুরু হতে পারে বলে আমি মনে করছি।”

সূত্রমতে, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত বর্তমান এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে ফের বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *