কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : জিরিঘাট থানা এলাকার বাঘখাল কদমটিলায় একজন বৃদ্ধকে প্রথমে পায়ে গুলিবিদ্ধ করে তারপর বেধড়ক পিটিয়ে খুন করা হয়। সোমবার ভোরে এই ঘটনা সংঘটিত হয়েছে। মৃত ব্যক্তির নাম লুকু মিয়া (৭০)। সকালে নিজের একটি মহিষ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। বাড়ি থেকে সামান্য দূরে যাওয়ার পর প্রথমে আড়াল থেকে তার পায়ে বন্দুক দিয়ে গুলি করে আহত করা হয়। আহত করার পর তারই প্রতিবেশী কয়েকজন শত্রু বেরিয়ে এসে বৃদ্ধকে টেনে হিঁচড়ে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করে। এই ঘটনা আঁচ করতে পেরে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে জিরিঘাট থানায় ফোন করেন, কিন্তু জিরিঘাট পুলিশ এতে গুরুত্ব না দিয়ে উল্টো তাদের শাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মৃতের পুত্র।
লাঠিপেটা করে ঘটনাস্থলেই মেরে ফেলা হয় বৃদ্ধকে। বৃদ্ধ লুকু মিয়াকে খুন করে প্রতিবেশী খুনিরা মৃতদেহ রেখে বেপরোয়া অবস্থায় বাড়িতে চলে যায়। পরে মৃতের পরিবারের মহিলারা জিরিঘাট থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান। এরপর জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন লক্ষীপুরের সিডিএসপি পৃথ্বিরাজ রাজখোয়া। তিনি জিরিঘাট থানার ওসি কে সঙ্গে নিয়ে অভিযান শুরু করেন। অভিযান চালিয়ে বন্দুক ও অস্ত্র সহ চারজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

অভিযুক্ত রা হচ্ছেন সাহারুল হক (২৭), সাজুর ইসলাম (২৬), বাবুল হক (৩৪) এই তিনজন মৃত ব্যক্তির প্রতিবেশী। অন্য অভিযুক্ত সুজন আক্তার (১৮) । বাড়ি দক্ষিণ কৃষ্ণপুর। সে অভিযুক্তদের আত্মীয়। জমি বিবাদের জেরে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।



