মেডিক্যালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ ও সিআরপিএফ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : রবিবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃত সুজলা দাস, বাড়ি কালাইন এলাকায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় মানুষজন। ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলচর মেডিক্যাল কলেজে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ান।

পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই সুজলা দাসের মৃত্যু হয়েছে। পাশাপাশি, মৃতের আত্মীয়দের হাসপাতালের ভেতরে আটকে রাখার অভিযোগও তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায়।

সংবাদমাধ্যমের মাধ্যমে মৃতার পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলেছেন তাঁরা। তবে চিকিৎসকদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *