ভয়াবহ অগ্নিকাণ্ড : ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর পোড়া মরদেহ উদ্ধার

Spread the news

২০ এপ্রিল : অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়িয়ে করুণ মৃত্যু ঘটল দম্পতির। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় বাংলাদেশের দিনাজপুর শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায়। রবিবার রাত দুইটার দিকে ওই বাড়ির দোতলার একটি কক্ষে এই আগুনের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন স্বপন সরকার ও লতা সরকার। তাঁরা পেশায় দিনমজুর ছিলেন। ওই বাড়ির দোতলার একটি মাত্র কক্ষে তাঁরা বসবাস করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে হঠাৎ ওই ঘরে আগুন লাগে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের আসবাবসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। পরে ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের মাধ্যমে সোমবার সকালে নিকটাত্মীয়দের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং অগ্নিকাণ্ডের নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। জনাকীর্ণ এলাকায় এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। 
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *