ঝাড়খণ্ডে কর্মরত সিআরপিএফ জওয়ানের মৃত্যু, বাঁশকান্দিতে শোকের ছায়া

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল: অকালে প্রয়াত হলেন বাঁশকান্দির করইকান্দি এলাকার বাসিন্দা তথা সিআরপিএফ জওয়ান কে আনন্দ সিংহ। তিনি ছিলেন কে কান্ত সিংহের পুত্র এবং সিআরপিএফের ১৯৭ নম্বর ব্যাটেলিয়ানে ঝাড়খণ্ডে কর্মরত ছিলেন।

জানা গেছে, কিছুদিন ধরে তিনি জন্ডিসে ভুগছিলেন। কর্মরত অবস্থায় গত শনিবার ঝাড়খণ্ডেই তাঁর মৃত্যু হয়। রবিবার বিকেলে তাঁর কফিনবন্দি মৃতদেহ নিজ বাড়ি করইকান্দিতে পৌঁছালে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

এদিন স্থানীয় কাশিপুর সিআরপিএফ শিবিরের জওয়ানরা গান স্যালুটের মাধ্যমে সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান। পরে বহু মানুষের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *