ফাইনাল ম্যাচে ট্র্যাক্টর নিয়ে মাঠে হামলা, পিচ নষ্ট, নজিরবিহীন বিশৃঙ্খলা

Spread the news

১৯ এপ্রিল : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালীন অভূতপূর্ব বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। ‘জলগাঁও রুরাল এমএলএ কাপ’-এর ফাইনাল ম্যাচে এক যুবক ট্র্যাক্টর নিয়ে মাঠে ঢুকে পিচ সম্পূর্ণ নষ্ট করে দেয়। হঠাৎ এই ঘটনার জেরে মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হন আয়োজকরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ যখন জোরকদমে চলছে, তখনই আচমকা এক যুবক ট্র্যাক্টর নিয়ে মাঠে প্রবেশ করে সরাসরি পিচের দিকে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে স্টাম্প ভেঙে দিয়ে পুরো পিচ খুঁড়ে ফেলে সে। ঘটনায় উপস্থিত ক্রিকেটার ও দর্শকরা হতবাক হয়ে পড়েন। বিশৃঙ্খলার মধ্যেও ট্র্যাক্টরচালককে নির্বিকারভাবে মাঠ ছেড়ে চলে যেতে দেখা যায়।

এই ঘটনায় খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় সূত্রে খবর, এক প্রভাবশালী ব্যক্তিকে টুর্নামেন্টে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করেই এই কাণ্ড। অভিযোগ, ওই ব্যক্তির এক সমর্থক ক্ষোভের বশেই ‘বদলা’ নিতে ট্র্যাক্টর নিয়ে মাঠে হামলা চালায়।

ট্র্যাক্টর ঢুকে পড়ায় পিচ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় খেলা চালানো অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *