বরাক তরঙ্গ, ১৯ এপ্রিল : কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে রবিবার দুপুর ১২টায় শিলচরের ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন কীর্তনের মাঠে সদ্যপ্রয়াত পল্লব দাসের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাঁর জীবনকর্ম, সমাজসেবামূলক অবদান এবং ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, পল্লব দাস শুধু একজন ইঞ্জিনিয়ারই ছিলেন না, তিনি ছিলেন সমাজের এক নিবেদিতপ্রাণ যোদ্ধা। কৈবর্ত সমাজের উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সেবা, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অনন্য।
মঞ্চের সাধারণ সম্পাদক সুবীরচন্দ্র দাস বলেন, পল্লব দাসের কাজ সমাজের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। সভায় সভাপতি রূপেশচন্দ্র দাস বলেন, তাঁর জীবন আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর মূল লক্ষ্য। তাঁর আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।
এদিন অনুষ্ঠানে রমাকান্ত দাস, শৈলেন দাস, অমিয়ভূষণ চৌধুরী, কালীকুমার দাস, অবসরপ্রাপ্ত ডিএসপি সুধাংশুরঞ্জন দাস, নীতিশরঞ্জন দাস, অমৃত দাসসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ দীর্ঘদিন ধরে শিলচরে সমাজসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই স্মৃতিচারণ সভা তাদের সামাজিক দায়বদ্ধতারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।



