রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : শিলচর শহরের হাসপাতাল রোডের বিলপার পয়েন্ট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাজুড়ে অসংখ্য বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
শনিবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একাধিক যাত্রীবাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স রাস্তার গর্তে আটকে পড়ে। এর জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল প্রায় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে। জরুরি পরিষেবার গাড়িও আটকে পড়ায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে, যানজট নিয়ন্ত্রণে আনতে গিয়ে ট্রাফিক পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়। বেহাল রাস্তার কারণে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় তাদের। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা দ্রুত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের বক্তব্য, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ধরনের দুর্ভোগ আরও বাড়তে পারে।



