
১৫ এপ্রিল : সুপ্রিম কোর্টে মুখথুবড়ে পড়লেন কংগ্রেস নেতা পবন খেরা। তেলেঙ্গানা হাইকোর্টের দেওয়া তাঁর আগাম জামিনের বিরুদ্ধে অসম সরকারের দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে সর্বোচ্চ আদালত ওই জামিনে স্থগিতাদেশ জারি করেছে।
একইসঙ্গে আদালত পবন খেরাকে নোটিশ জারি করে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে।
বিচারপতি J.K. Maheshwari এবং বিচারপতি Atul S. Chandurkar-এর বেঞ্চ অসম সরকারের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে এবং হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ইস্যু করে।
বেঞ্চ জানায়, “নোটিশ জারি করা হলো। এর মধ্যে বিতর্কিত নির্দেশ স্থগিত রাখা হবে।” একইসঙ্গে পবন খেরাকে তিন সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে, এই নির্দেশ খেরাকে অসমের উপযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করতে বাধা দেবে না। এমন আবেদন করা হলে তা স্বাধীনভাবে বিবেচনা করতে হবে এবং বর্তমান নির্দেশের দ্বারা প্রভাবিত হওয়া চলবে না বলেও আদালত পর্যবেক্ষণ করেছে।
উল্লেখ্য, ১০ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ট্রানজিট আগাম জামিন দেওয়ার তেলেঙ্গানা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অসম পুলিশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
মামলাটি তৈরি হয়েছে পবন খেরার করা অভিযোগকে কেন্দ্র করে, যেখানে তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট থাকা এবং বিদেশে অঘোষিত সম্পত্তি থাকার অভিযোগ তুলেছিলেন।



