ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট উচ্চপর্যায়ের ফোনালাপ মোদির

Spread the news

১৪ এপ্রিল : আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পর বিশ্ব রাজনীতিতে বড় চমক! দীর্ঘ ৪০ মিনিট ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  সঙ্গে উচ্চপর্যায়ের ফোনালাপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধবিরতির পর এই প্রথম দুই রাষ্ট্রনেতার কথোপকথন ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

সূত্রের খবর, এই রুদ্ধদ্বার আলোচনায় ঠিক কী বিষয় উঠে এসেছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও প্রধানমন্ত্রীর একটি মন্তব্য সামনে এসেছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে মোদি বলেন, “ভারতের মানুষ আপনাকে ভালোবাসে!” এই মন্তব্য ঘিরেও কূটনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ৪০ মিনিটের এই দীর্ঘ ফোনালাপ নিছক সৌজন্য বিনিময় নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর এই যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা, সন্ত্রাসবাদ দমন এবং বৈশ্বিক অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই আলাপচারিতার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরতে চেয়েছেন মোদি। যুদ্ধবিরতির পর ট্রাম্পের সঙ্গে এত দীর্ঘ সময় ধরে আলোচনা ভারতের কূটনৈতিক গুরুত্বেরই ইঙ্গিত বহন করে।

২০২৬ সালের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ফোনালাপ কি নতুন কোনও সামরিক বা বাণিজ্যিক চুক্তির পূর্বাভাস? নাকি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাইছে আমেরিকা? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *