রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় অটোচালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার অন্নপূর্ণা সেতুর সামনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ট্রাফিক সিগন্যাল অমান্য করে অটো চালানোর অভিযোগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করতে গেলে চালক মান্না নাথ ক্ষিপ্ত হয়ে ওঠেন। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে তিনি দায়িত্বে থাকা পুলিশকর্মীর উপর শারীরিকভাবে হামলা চালান বলে অভিযোগ।
ঘটনার সময় আশপাশের মানুষজন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের উদ্যোগেই বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয় বলে জানা গেছে। খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মান্না নাথকে আটক করে। পাশাপাশি সংশ্লিষ্ট অটোটি বাজেয়াপ্ত করা হয়। পরে তাকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।



