সোনাই বেরাবাকে দুর্ধর্ষ ডাকাতি, শ্বাশুড়ি ও পুত্রবধূকে বেধে লুট স্বর্ণালংকার সহ নগদ

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : সোনাই থানার অন্তর্গত বেরাবাক ১ম খণ্ডের সালেপুর গ্রামে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার রাত প্রায় ২টা নাগাদ ৫ জনের একটি বন্দুকধারী ডাকাত দল প্রয়াত দেবজিৎ নাথের বাড়িতে ঢুকে তাঁর মা ও স্ত্রীকে বেধে রেখে লুটপাট চালায়। ডাকাতরা বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।

প্রয়াত দেবজিতের মা অঞ্জলি নাথ ও স্ত্রী ময়ূরী নাথ জানান, গভীর রাতে ৫ জনের এক ডাকাত দল প্রথমে ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল দরজা কৌশলে খুলে ফেলে। বন্দুক ও ধারালো অস্ত্র দেখিয়ে তারা ঘরের সদস্যদের চিৎকার করতে বাধা দেয়। এ সময় বৃদ্ধা অঞ্জলি নাথের পরনে থাকা গহনা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর গৃহবধূ ময়ূরী নাথের কক্ষে প্রবেশ করে তার হাত বেধে পরনের গহনা খুলে নেয় এবং আলমারিতে তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

সকালে ঘটনার খবর পেয়ে সোনাই থানার একটি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে কাছাড় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজতকুমার পাল এবং প্রবেশনারি ডিএসপি রিমাঙ্ক বরুয়া ফরেন্সিক টিমসহ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করেন। ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এনিয়ে গৃহবধূ ময়ূরী নাথ সোনাই থানায় একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *