বিমান দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

Spread the news

১৫ অক্টোবর : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল দূরে ডেলোনা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ডেলোনা শহরের আকাশসীমা অতিক্রম করার সময় ‘পাইপার পিএ-৪৬’ মডেলের একটি ছোট বিমান আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় বিমানে থাকা পাঁচজন প্রাপ্তবয়স্ক ও এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানিয়েছে সুক কাউন্টি শেরিফের দপ্তর। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগেই বিমানের পাইলট নিকটবর্তী এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই কথোপকথন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার কারণ কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় মাটিতে থাকা কোনও স্থাপনা বা সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে এফএএ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *