নেতাজি ছাত্র যুব সংস্থার “NGO Leadership Learning Seminar” অনুষ্ঠিত

Spread the news

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : সমাজের সার্বিক উন্নয়ন ও তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে শিলচরের শিলকুড়ি ক্যাম্পে অবস্থিত দীপ নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ “NGO Leadership Learning Seminar” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. লালজো এস থাংজম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী ও যুবনেতা ঋষি চক্রবর্তী। সংগঠনের পক্ষ থেকে তাঁদের উত্তরীয় ও স্মারক প্রদান করে আন্তরিকভাবে সম্মান জানানো হয়।

সেমিনারে বক্তারা সমাজসেবার গুরুত্ব, দায়িত্বশীল নেতৃত্ব এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সচেতন ও প্রশিক্ষিত নেতৃত্বের বিকল্প নেই।

অনুষ্ঠানে নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তথা এক্সিকিউটিভ ডিরেক্টর দিলু দাস তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানান, সংস্থাটি নিয়মিতভাবে শিক্ষা সচেতনতা কর্মসূচি, স্বাস্থ্য শিবির, নেশা বিরোধী প্রচার, পরিবেশ সংরক্ষণ কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। তিনি আরও বলেন, এই ধরনের লিডারশিপ সেমিনারের মাধ্যমে তরুণদের দক্ষ, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই সংস্থার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের গঠনমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রধান অতিথি ড. লালজো এস থাংজম তাঁর মূল্যবান বক্তব্যে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য সঠিক পরিকল্পনা, দায়িত্ববোধ এবং বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন। তিনি তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তরুণদের সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মহুয়া ভৌমিকের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ননী গোপাল দেব, কোষাধ্যক্ষ অনুপ দেব, কার্যকরী সদস্যা শুভ্রা রাউত, কাছাড় জেলা কমিটির সহ-সভানেত্রী সুতপা কর, সম্পাদক প্রদ্যুৎ আচার্য (আয়ুষ), প্রাক্তন সাধারণ সম্পাদক দিলু দাস, এবং প্রকল্প পরিচালক রাজদেব দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সার্বিকভাবে, এই সেমিনারটি তরুণ সমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উপস্থিত সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *