রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : ঝড়ে শিলচর শহর সহ বেশ কয়েকটি গ্রামও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দুপুরে ঝড়ের তাণ্ডবে তছনছ করে ফেলে কাটিগড়ার বহু গ্রাম। ভেঙে পড়ে একাধিক ঘরবাড়ি ও গাছপালা, বিদ্যুতের খুঁটি। ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
বিধ্বংসী ঝড়ে বাগাডহর, বড়জুরাই এলাকার ঘরবাড়ি-দোকান ভাঙচুর সহ গাছ উপড়ে পড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। বাগাডহর, বড়জুরাই, বেরেঙ্গা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খণ্ডসহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দর দিন রোদে ঝলমল করছিল, হঠাৎ করে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে এবং অনেকেই নিজেদের জিনিসপত্র রক্ষা করার সুযোগ পাননি। প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন মজুমদার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বলেন, বহু পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপাকে রয়েছে। কিছু পরিবারের মাথা গুঁজার ঠাঁই নেই। তিনি দ্রুত প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, আর্থিক সহায়তা ও বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবি জানান।
এ দিকে, শিলচর শহরে বহু গাছ উপড়ে পড়ে একাধিক স্থানে সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এসডিআরএফ, সিকিউআরটি এবং ডিডিআরএফ দল মাঠে নেমে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছে। ক্ষতির পরিমাণ বিবেচনা করে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে।



