বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : লখিমপুরে ‘অসমীয়া প্রতিদিন’ পত্রিকার কার্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদপত্রটির লখিমপুর সংস্করণের অফিসে ভোররাতে এই হামলা চালানো হয়। দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
জানা গেছে, ভোরের আগে কার্যালয় লক্ষ্য করে অন্তত তিনটি পাথর নিক্ষেপ করা হয়। হামলায় অফিসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পত্রিকাটির দৃঢ় সম্পাদকীয় অবস্থান ও নীতি-আদর্শের কারণেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অল অসম ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেশ মজুমদার। তিনি বলেন, “এটি শুধু একটি সংবাদপত্রের উপর আক্রমণ নয়, বরং গোটা সংবাদমাধ্যমের উপরই হুমকি।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে শাসকপক্ষের কটূক্তিমূলক মন্তব্য এমন ঘটনার পেছনে প্রভাব ফেলতে পারে।
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।



