বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : বৃহস্পতিবার দুপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজারার গড়ল এলাকার ১৫ নম্বর বুনিয়াদী এলপি স্কুলে ভোট প্রদান করেন। এদিন তিনি রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সকলকে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, “অসমবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আজকের আমাদের সিদ্ধান্তই রাজ্যের ভবিষ্যতের দিক নির্ধারণ করবে।”

এদিকে, অসমে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দুপুর ১টা পর্যন্ত ৫৯.৬৩ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে হাজির হন সাধারণ মানুষ।
তবে এর মধ্যেই রাজ্যের কয়েকটি ভোটকেন্দ্রে সকালে ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হয়। সকাল থেকেই ভোট দিতে বেরিয়ে পড়েন বিভিন্ন দলের প্রার্থীরাও। সন্ধ্যা ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে।
উল্লেখ্য, রাজ্যের ১২৬টি বিধানসভা আসনে মোট ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ১৩৯ জন ভোটার। এর মধ্যে ১ কোটি ২৪ লাখ ৮২ হাজার ২১৩ জন পুরুষ এবং ১ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৫৮৩ জন মহিলা ভোটার রয়েছেন। পাশাপাশি ৩৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।



