প্রচারের শেষদিনে বিশাল সমাবেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : প্রচারের শেষদিনে ঝড় তুলতে শিলচরে হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রাজদীপ রায় এবং উধারবন্দ কেন্দ্রের প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির বিশাল ‘বিজয় সংকল্প সমাবেশে’ অংশ নেন তিনি। সমাবেশে লক্ষীপুরের প্রার্থী কৌশিক রায়, বড়খলার প্রার্থী কিশোর নাথ, ধলাইয়ের প্রার্থী অমিয়কান্তি দাশ-সহ বিজেপির সাংসদ ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও দলীয় কর্মীদের বিপুল সমাগম লক্ষ্য করা যায়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কংগ্রেস সরকার অসমকে ধ্বংসের পথে নিয়ে গেছে এবং রাজ্যের উন্নয়নে কোনও কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় আসার পর অসম ও বরাক উপত্যকার উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, চা-বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছে এবং তাঁদের জমির পাট্টা প্রদান করেছে। পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে ‘অরুণোদয়’ প্রকল্প চালু করা হয়েছে এবং বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

অমিত শাহ দাবি করেন, আসন্ন নির্বাচনে কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করবে এবং কংগ্রেস শূন্য হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *