বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে তুঙ্গে ওঠা নির্বাচনী প্রচার অভিযান আজ মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হবে। নির্বাচন কমিশনের জারি করা বিবৃতি অনুযায়ী, অসম বিধানসভার সাধারণ নির্বাচন উপলক্ষে রাজ্যের সব বিধানসভা আসনের জন্য ‘নীরবতা পর্ব’ ৭ এপ্রিল সন্ধ্যা ৫টা থেকে শুরু হবে। এই প্রক্রিয়া ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে কার্যকর হয়। জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৬ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই নীরবতা পর্বে জনসভা, মিছিলসহ সব ধরনের নির্বাচনী প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক বা সামাজিক মাধ্যমের মাধ্যমে নির্বাচনী বিষয়বস্তু প্রচার করাও এই সময়ে নিষিদ্ধ থাকবে। নীরবতা চলাকালীন বাল্ক এসএমএস, ফোন কল বা সামাজিক মাধ্যমের মাধ্যমে ভোট চাওয়াও নিষিদ্ধ।
এছাড়াও, এই সময়ে ভোটারদের প্রভাবিত করতে পারে এমন যেকোনো কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অন্যদিকে, প্রচার পর্ব শেষ হওয়ার পর সংশ্লিষ্ট আসনের বাইরে থেকে আসা এবং ওই আসনের ভোটার নন এমন রাজনৈতিক কর্মী বা দলীয় সদস্যদের সেই আসনের মধ্যে থাকার অনুমতি থাকবে না। কারণ, প্রচার শেষ হওয়ার পর তাদের উপস্থিতি অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে। তাই নির্বাচন কমিশন জেলা নির্বাচন প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যাতে এই ধরনের সব কর্মী ও দলীয় ব্যক্তিরা প্রচার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আসন ছেড়ে চলে যান।
এছাড়াও স্পষ্ট করে জানানো হয়েছে যে, জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৬(১)(খ) অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ইলেকট্রনিক মাধ্যম—যেমন টেলিভিশন, সিনেমাটোগ্রাফ বা অনুরূপ যন্ত্রের মাধ্যমে—নির্বাচনী বিষয়বস্তু, মতামত সমীক্ষা (Opinion Poll) বা অন্য যেকোনো সমীক্ষার ফলাফল প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।



