রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : চোরচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল রাঙ্গিরখাড়ি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজন কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ, সঙ্গে ছিল পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে ৪৭টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, ১টি ট্যাবলেট, নগদ ৭৩ হাজার টাকা, ৯টি ঘড়ি, সোনার এক জোড়া কানের দুল, ৩টি আংটি, ১টি সাইকেল, ১টি ইনভার্টার মেশিন, ৪টি অটো চার্জার এবং ৩টি হাইড্রোলিক কাটারসহ আরও বেশ কিছু সামগ্রী।

আটক ব্যক্তিদের নাম আব্দুল বাসিত চৌধুরী, জয়দীপ দাস, প্রদীপ দাস, আরিফ উদ্দিন লস্কর এবং রাহুল সরকার। তারা সবাই শিলচর শহরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাঙ্গিরখাড়ি পুলিশ।



