বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল শুভম দাস (১৫) নামে এক কিশোরের। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার শান্তিরবাজারের মহামুনি রোড এলাকায়, বুদ্ধমন্দির সংলগ্ন নদীতে। জানা গেছে, শুক্রবার দুপুরে এক বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে শুভম। স্নানের সময় আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় সে। ঘটনাটি দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে দ্রুত ছুটে আসেন এলাকাবাসী এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় দমকলকর্মীরা নদী থেকে শুভমকে উদ্ধার করে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই আকস্মিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।



