বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলা বিজেপির সংকল্পপত্র প্রকাশ, একাধিক জনমুখী প্রতিশ্রুতি

Spread the news

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : বিধানসভা নির্বাচন উপলক্ষে শিলচরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনীয় সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থ, জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ। 

সংকল্পপত্র প্রকাশ করে মন্ত্রী কৌশিক রায়সহ অন্যান্য নেতারা এতে উল্লেখিত ৩১টি উন্নয়নমূলক প্রতিশ্রুতির বিস্তারিত তুলে ধরেন। সংকল্পপত্রে অবৈধ অনুপ্রবেশকারীদের সনাক্তকরণ এবং তাদের দখল থেকে জমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ‘মিশন বসুন্ধরা’-র আওতায় প্রকৃত নাগরিকদের ভূমির অধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়াও নামঘর, দেবালয় ও অন্যান্য ধর্মীয়-সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের দখলিকৃত জমি পুনরুদ্ধার এবং ‘অসম দর্শন’ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। ‘লাভ জিহাদ’ রুখতে কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতিও রয়েছে।

উন্নয়নের লক্ষ্যে ৩০০০ কোটি টাকার ব্যয়ে গ্রীনফিল্ড বিমানবন্দরের সামনে একটি এরো-হাব নির্মাণ, ডলুতে গ্রীনফিল্ড বিমানবন্দরের কাজ দ্রুত সম্পন্ন করা, এবং অসমকে ইলেকট্রনিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ১০০০ কোটি টাকার ‘অসম ইলেকট্রনিক্স মিশন’ চালুর ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, ‘নিযুত ময়না’, ‘ফি প্রত্যাহার’, ‘মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা’ ও ‘মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা’ প্রকল্পে আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া ৮ হাজার কোটি টাকার বিনিয়োগে এক হাজার মাধ্যমিক বিদ্যালয়ের মানোন্নয়ন এবং ‘মুখ্যমন্ত্রী আদর্শ বিদ্যালয়’ প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় শিক্ষক, বেসরকারি শিক্ষাকর্মী, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি শিলচরে অসম সচিবালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা এবং শ্রীভূমিতে AIIMS-এর একটি স্যাটেলাইট কেন্দ্র স্থাপনের কথাও উল্লেখ রয়েছে।
মন্ত্রী কৌশিক রায় জানান, বরাক উপত্যকা সহ সমগ্র অসমে একাধিক উন্নয়নমূলক প্রকল্প এই সংকল্পপত্রে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচনে বরাকে রেকর্ড গড়তে চলেছে এনডিএ।

এদিকে নির্বাচনী প্রচারে গতি আনতে আগামী ৬ এপ্রিল শিলচরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন এবং ৭ এপ্রিল হাইলাকান্দি ও শিলচরে জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *