ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু ৪ পর্যটকের, বহু আহত

Spread the news

৫ এপ্রিল : হিমাচল প্রদেশে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত ৪ জন পর্যটকের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাসটি সোলান থেকে হরিপুর ধর-এর উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর এগোনোর পর পাহাড়ি অন্ধকারাচ্ছন্ন রাস্তায় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে সেটি।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছে যায় এবং উদ্ধার অভিযান জোরদার করে। বাসটিতে মোট ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটিতে আসন সংখ্যার তুলনায় বেশি যাত্রী ছিল। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল—চালকের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি—তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার অভিঘাতে বাসটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজন আহতের শারীরিক অবস্থা গুরুতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *