বিহুর আবহে ‘পছোয়া’য় মুখর এনআইটি শিলচর, সংস্কৃতির রঙে মাতলেন শিক্ষার্থীরা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বহাগ বিহুর আগমনী সুরে গোটা রাজ্যের মতো উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে এনআইটি শিলচর চত্বরে। এই আবহকে কেন্দ্র করে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পছোয়া’য় অংশ নিয়ে শিক্ষার্থীরা অসমিয়া ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরলেন।

শনিবার এক বৃহৎ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নিয়ে নজর কাড়েন। ঢোল, পেঁপা এবং বিহুর সুরে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক উপেন্দ্র কুমার, অধ্যাপক রাহুল দেব মিশ্র, ড. ওয়াসিম আরিফ, ড. পরীক্ষিত শইকিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রকাশিত হয় ‘বৰ্হমথুরি’ শীর্ষক ১৩তম স্মারক পত্রিকা। এরপর শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব, যেখানে বিহু নৃত্য, সঙ্গীত ও বিভিন্ন পরিবেশনায় শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা মেলে ধরে দর্শকদের মুগ্ধ করেন।

শোভাযাত্রার সময় প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ছবি হাতে নিয়ে তাঁর গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এই আবেগঘন মুহূর্ত উপস্থিত সকলকে স্পর্শ করে।

অতিথিরা বলেন, “‘পছোয়া’ শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি নতুন প্রজন্মের কাছে অসমিয়া ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” প্রতি বছরের মতো এবারও ‘পছোয়া’ বহাগ বিহুর আনন্দ ও ঐতিহ্যে ভরিয়ে তুলেছে এনআইটি শিলচর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *