ধলাইয়ে উন্নয়নের প্রতিশ্রুতি, অমিয়কান্তিকে সমর্থনের আহ্বান মুখ্যমন্ত্রীর

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : নির্বাচনী প্রচারে ধলাই বিধানসভা এলাকার পালংঘাটে এক জনসভায় অংশ নিয়ে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশের সমর্থনে একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

শুক্রবার অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধলাইয়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে একটি ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপরও জোর দেন তিনি। এ প্রসঙ্গে অসম বিশ্ববিদ্যালয় হয়ে শিলচর থেকে হাইলাকান্দি এবং ধলাই হয়ে শিলচর-হাইলাকান্দি সংযোগকারী প্রস্তাবিত জাতীয় সড়ক প্রকল্পের কথাও উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, আমরাঘাটে সোনাই নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ করা হবে, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়া দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে যোগ্য বাসিন্দাদের জমির পাট্টা প্রদানের আশ্বাসও দেন তিনি।

জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের এই ধারা বজায় রাখতে সাধারণ মানুষকে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাশকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিজেপি সরকার এই অঞ্চলের অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় উপস্থিত বিপুল সংখ্যক মানুষ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *