৩ এপ্রিল : বড়সড় জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ডোমেল থানায় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণের অভিঘাতে থানা ভবনটি কার্যত মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে এবং গুরুতর জখম অবস্থায় ৪ জন পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাত তখন গভীর। আচমকাই একটি দ্রুতগামী গাড়ি ডোমেল থানার দেওয়ালে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে ফেটে পড়ে গাড়িটি। বিস্ফোরণের পরপরই এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আশপাশের বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পরেই এলাকায় এলোপাথাড়ি গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান, পরে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান। ঘটনার পর থেকে গোটা বান্নু জেলা জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ও আধাসামরিক বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে। তল্লাশি চলছে সম্ভাব্য জঙ্গি ডেরাগুলিতে।
এ দিকে, উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৩ জন মহিলা এবং এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি অজ্ঞাতপরিচয় দেহ মিলেছে, যা আত্মঘাতী গাড়ি চালকের বলেই প্রাথমিক অনুমান পুলিশের। আহত পুলিশ কর্মীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



