৪ অক্টোবর : নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ হওয়া ৫৫ মালয়েশিয়ান নাগরিকের মধ্যে একজনকে ৩৭ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একা নেপাল ভ্রমণে যাওয়া ওই নাগরিক নিজেই কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে যোগাযোগ করেন। পরে নিরাপদে দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হন তিনি।
শুক্রবার মালয়েশিয়ায় নিখোঁজ নাগরিকদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’-এর মুখপাত্র মনিভান্নান রেথিনাম বিষয়টি জানান। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওই ব্যক্তি ১ অক্টোবর কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসে গিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন। পরদিন, ২ অক্টোবর, তিনি মালয়েশিয়ায় ফিরে যান।
জানা গেছে, ওই ব্যক্তি চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান এবং একাই নেপাল ভ্রমণে গিয়েছিলেন। গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে তিনি নেপালের নাগথালি ভিউপয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন। পরদিন ভয়াবহ বন্যা ও ভূমিধসে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি সেখানে আটকা পড়েন। বিদ্যুৎ, পানীয় জল ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

৩৭ দিন পর তাঁর নিরাপদে দেশে ফেরার ঘটনায় নিখোঁজ বাকি মালয়েশিয়ান নাগরিকদের পরিবারগুলোর মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠনটির মতে, দীর্ঘ সময় যোগাযোগের বাইরে থেকেও একজন নিরাপদে ফিরে আসতে পেরেছেন। ফলে বাকি ৫৪ জনের ক্ষেত্রেও আশাবাদী থাকার যথেষ্ট কারণ রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে। হিমবাহ ও বরফ ধসের পর সৃষ্ট প্রবল স্রোতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) বিশ্লেষণ অনুযায়ী, হিমবাহ ধস থেকে সৃষ্ট শক্তি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল।



