মানুষের বিশ্বাস ও আস্থাই রাজনৈতিক শক্তির মূল ভিত্তি : কৃষ্ণেন্দু

Spread the news

পাথারকান্দির বাজারঘাটের সভায় জনসমুদ্র

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ ১ এপ্রিল : অসমের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের আবহ যতই ঘনীভূত হচ্ছে, ততই জনসভাগুলিতে মানুষের উপস্থিতি ও আগ্রহ বাড়ছে চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের নির্বাচনীয় আসন পাথারকান্দি  বিধানসভা কেন্দ্রের সঙ্গে নতুনভাবে সংযুক্ত বাজারঘাট এলাকায় মঙ্গলবার  অনুষ্ঠিত নির্বাচনী জনসভা এক প্রকার জনসমুদ্রে রূপ নেয়। যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উচ্ছ্বাস বিশেষভাবে নজর কেড়েছে। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষ সভাস্থলে উপস্থিত হয়ে উন্নয়নের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে দেন। যুবসমাজ থেকে শুরু করে মহিলা ও প্রবীণ সব শ্রেণির মানুষের সক্রিয় উপস্থিতি এই জনসভাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

প্রথমবার বাজারঘাট এলাকায় এসে বিজেপি প্রার্থী মানুষের উষ্ণ অভ্যর্থনা এবং আবেগঘন সমর্থনে আপ্লুত হন। বক্তব্য রাখতে গিয়ে তিনি উপস্থিত জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন, এই বিপুল উপস্থিতিই প্রমাণ করে যে মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।তিনি তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, বিজেপি সরকার সর্বদা সাধারণ মানুষের আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও সেই লক্ষ্যেই এগিয়ে যাবে। তাঁর কথায়, মানুষের বিশ্বাস ও আস্থাই তাঁর রাজনৈতিক শক্তির মূল ভিত্তি এবং সেই আস্থার মর্যাদা রক্ষা করাই তাঁর প্রধান দায়িত্ব।

সভায় উপস্থিত সাধারণ মানুষের প্রতিক্রিয়াতেও উঠে আসে উন্নয়নের প্রতি আস্থা ও প্রত্যাশার কথা। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, গত কয়েক বছরে এলাকায় রাস্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক পরিকাঠামোর উন্নয়ন ঘটেছে, যা তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে তারা একটি স্থিতিশীল এবং উন্নয়নমুখী সরকারকেই সমর্থন করতে আগ্রহী।
বিশেষ করে যুব সম্প্রদায়ের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

জনসভার শেষ পর্যায়ে বিজেপি প্রার্থী রাজ্যের জনগণের উদ্দেশে আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে আসামে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠনে সমর্থন জানানোর জন্য। তাঁর এই আহ্বানে সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং সমগ্র পরিবেশে এক উৎসবমুখর আবহের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *