১ এপ্রিল : ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে নতুন করে ব্যাপক হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে তেহরানের পাশাপাশি আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এবং কেরমানশাহ-কে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভোর বেলার এসব হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তেহরানে একটি ওষুধ উৎপাদনকারী কোম্পানির কারখানায় হামলা হয়েছে, যেখানে ক্যানসার আক্রান্ত রোগীদের ওষুধ প্রস্তুত করা হয়। এছাড়া ইস্ফাহানের একটি স্টিল কারখানা, বন্দর আব্বাসের সমুদ্রবন্দর, পূর্ব ইরানের বোরোজেনের একটি স্টিল কারখানা, বুশেহরের আবহাওয়া সংক্রান্ত স্থাপনা এবং পশ্চিম ইরানের আবাসিক কমপ্লেক্সও হামলার লক্ষ্য হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ এই বেসামরিক স্থাপনাগুলোকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করছে। তেহরান হামলাকে গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে এবং কঠোর পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইজরায়েল তেহরানের ওষুধ কোম্পানিতে হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, “ইরানিরা ফিলিস্তিনিদের মতো নিরীহ ও নিরস্ত্র নয়। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।”
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।



