রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শিলচরের সেকেন্ড লিঙ্ক রোড এলাকায় ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। গভীর রাতে লেন নম্বর ৫-এর ১৩ নম্বর বাড়িতে চুরি সংঘটিত হয়।
বাড়ির কর্তা নিহারেন্দু দত্ত সংবাদমাধ্যমকে জানান, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হন এবং সেখানেই রাত কাটান। এই সুযোগে দুর্বৃত্তরা তাঁর বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুপুরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, দরজার তালা ভাঙা এবং ঘরের আলমারি খোলা। ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। চোরেরা আলমারিতে থাকা সোনার গলার হার, আংটি, বালা, কানের দুলসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ঘটনার পর নিহারেন্দু দত্ত শিলচরের রাঙ্গরখাড়ি আউটপোস্টে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, এর আগেও এই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি পুলিশ সূত্রে তাঁকে জানানো হয়েছে, চোর ধরা পড়লেও অনেক ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের ছেড়ে দিতে হয়।
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।



