নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : সোনাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাজাহান লস্কর-এর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিলেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রবিবার সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত এক সভায় শতাধিক ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, সোনাইয়ে কংগ্রেস বা বিজেপি-এজিপি জোটের প্রার্থী জয়ী হলে এলাকায় “বুলডোজার ও বন্দুকের রাজনীতি” শুরু হতে পারে। তিনি দাবি করেন, জননিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা জরুরি।
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই। তারা দিনে কংগ্রেস করে, আর রাতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলে।” বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, সোনাইয়ের মানুষ এবার নতুন মুখকে সমর্থন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সাংসদ।
অন্যদিকে, প্রার্থী শাজাহান লস্কর বলেন, “অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আমি মাঠে নেমেছি। মানুষের আশীর্বাদ নিয়ে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”



