বরাক তরঙ্গ, ২৯ মার্চ : মিথ্যে কথা বলার জন্য কেউ পুরস্কার পেলে প্রথম পুরস্কার পাবেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। রবিবার উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে কংগ্রেসের নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এভাবে অগপ প্রার্থী বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে এক হাত নেন আমিনুল হক লস্কর। তিনি বক্তব্যে বিধায়কের মিথ্যে কথার উদাহরণ তুলে ধরে বলেন, সোনাবাড়িঘাটে ফ্লাইওভার, বাগপুর-সাতকরাকান্দি সংযোগ করতে বরাক নদীতে সেতু নির্মাণের কথা বলে ছিলেন। সব কথা মিথ্যা প্রমাণিত হল। দুর্নীতি নিয়ে বলেন, ইন্দিরা ক্লাবের নামে দশ লক্ষ, বাগপুর পীর সাহেব অঞ্চলে রাস্তার কাজ তিনবার ধরে ২৭ লক্ষ টাকা আত্মসাৎ, বাখরশাহ মোকামে দুই লক্ষ টাকা হজম করে নিলেন। ক্লাব, ধর্মীয় স্থান, মোকাম কিছু ছাড়েননি।

তিনি বক্তব্যে মুখ্যমন্ত্রীর বয়ান তুলে ধরে বলেন, অগপ-কে ভোট দেওয়া মানে মুসলিমদের মেরুদণ্ড ভাঙতে হিমন্ত বিশ্ব শর্মার হাত শক্ত করা। পাঁচ লক্ষ বিঘা জমি উচ্ছেদের বক্তব্যকে বাস্তবায়ন করা। তাই মুসলিমদের রক্ষার লড়াই করতে হলে কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে হবে। কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর বলেন, ‘দ্বীন থেকে বেদ্বীনে’ চলে গেছেন সাজু, মুসলিম ও ইসলামের প্রতি কোন দরদ নেই। তাই প্রকাশ্যে জল পান করেন। সবশেষে বলেন, উত্তর কৃষ্ণপুর হচ্ছে সোনাইর গেটওয়ে। তাই সেখান আওয়াজ জোরদার করে তুলতে হবে। সেখান আওয়াজ উঠলে গোটা কেন্দ্রে ছড়িয়ে পড়বে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।



