কিয়েভসহ একাধিক শহরে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১০ জন

Spread the news

২৯ সেপ্টেম্বর : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জনের বেশি। কিয়েভের কেন্দ্রস্থলে ইউক্রেনের জাতীয় বিজ্ঞান একাডেমির একটি ঐতিহাসিক ভবনেও ড্রোন আঘাত হেনেছে।

সোমবার চালানো এসব হামলাকে যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে ধারাবাহিক ও তীব্র ড্রোন হামলাগুলোর একটি বলে জানিয়েছে রয়টার্স। রাজধানীতে একাধিক হামলায় ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। বিজ্ঞান একাডেমির ভবনে হামলায় দুজন নিহত হন।

কিয়েভের বিজ্ঞান একাডেমির ভবনে ড্রোন আঘাতের পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। জরুরি সেবাকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন। রাজধানীতে একটি ওষুধ কোম্পানি, পেট্রল স্টেশন ও চিকিৎসাকেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এবার দ্রুতগতির ও বেশি উচ্চতায় উড়তে সক্ষম জেটচালিত ড্রোন ব্যবহার করেছে। তাঁর দাবি, ইউক্রেনের দিকে ছোড়া ১২০টি ড্রোনের মধ্যে ৯০টি ছিল জেটচালিত। এসব ড্রোন প্রতিহত করতে ইউক্রেনের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ছে। জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনের ৫৭ শতাংশ প্রতিহত করা সম্ভব হয়েছে।

কিয়েভের বাইরে দনিপ্রো শহরের একটি ব্যবসায়িক কেন্দ্রে ড্রোন হামলায় তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। সিনেলনিকোভে একটি সরবরাহ কার্যালয়ে হামলায় আরও একজন নিহত হয়েছেন। জাপোরিঝিয়ায় অবকাঠামোয় হামলায় ৩২ জন আহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *