বরাক তরঙ্গ, ২৮ মার্চ : অসমের যোরহাট শহরে শনিবার এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের রাজা মৈদাম নিউ কলোনি এলাকার একটি স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে হঠাৎ করেই এই বিস্ফোরণ ঘটে, যার ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এই ঘটনায় আরও দুইজন মহিলা গুরুতরভাবে আহত হন। তাঁদের তড়িঘড়ি করে যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্ক্র্যাপ মেটাল ইয়ার্ডে থাকা কোনও বিস্ফোরক বা দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



